শীতের রোদে লুকিয়ে সুস্থতার রহস্য | ধারবাহিক রহস্য উপন্যাস: মৃত্যুর চোখ নীল (পর্ব ১)

শীতের রোদে লুকিয়ে সুস্থতার রহস্য!
একটুখানি রোদ, একটু বদলে যাওয়া রুটিন—শীতের সকাল কীভাবে নতুন করে সাজিয়ে দিতে পারে শরীর ও মনের সুস্থতা?
আমাদের শরীরের নিজস্ব একটি সময়সূচি রয়েছে, যাকে সার্কাডিয়ান রিদম বা দৈনিক জৈবিক ছন্দ বলা হয়। এই ছন্দ ঘুম, জেগে থাকা এবং সতর্কতার মতো নানা প্রক্রিয়াকে প্রভাবিত করে। সকালের প্রাকৃতিক আলো চোখের মাধ্যমে মস্তিষ্কে সংকেত পাঠায়। দিনের বেলায় পর্যাপ্ত আলো এবং রাতে অপেক্ষাকৃত অন্ধকার পরিবেশ নিয়মিত ঘুমের অভ্যাস বজায় রাখতে সহায়ক। শীতকালে অনেকের সকালে বিছানা ছাড়তে ইচ্ছে করে না। দিনের আলো কম পাওয়া, দেরিতে ওঠা কিংবা সারাদিন ঘরে থাকার ফলে ঘুমের সময়সূচি এলোমেলো হতে পারে। সকালে পর্দা সরিয়ে আলো ঢুকতে দেওয়া, বারান্দায় বসা অথবা বাইরে হেঁটে আসা তাই ভালো অভ্যাস। তবে জানলার কাচের আড়াল থেকে রোদ পোহালে সাধারণত ত্বকে ভিটামিন ডি তৈরি হয় না, কারণ প্রয়োজনীয় UVB রশ্মি সাধারণ কাচ ভেদ করে পৌঁছায় না।

ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। ক্যালসিয়াম ও ভিটামিন ডি একসঙ্গে হাড়ের স্বাভাবিক গঠন এবং সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত রোদ থাকা সত্ত্বেও অনেকের ভিটামিন ডি-র ঘাটতি থাকতে পারে। দীর্ঘ সময় ঘরে থাকা, খাদ্যাভ্যাস, ত্বকের রং, বয়স, ঋতু, বায়ুদূষণ ও পোশাকসহ নানা কারণে সূর্যালোক থেকে ভিটামিন ডি তৈরির পরিমাণ বদলে যায়। তাই সবার জন্য নির্দিষ্ট সংখ্যক মিনিট রোদে থাকার একই নিয়ম দেওয়া যায় না। বেশি রোদে থাকলেই বেশি উপকার হবে—এ ধারণাও ভুল। অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি, রোদে পোড়া এবং দীর্ঘমেয়াদে ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। ঘাটতি সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা ও চিকিৎসা নেওয়া উচিত; নিজে থেকে উচ্চমাত্রার সাপ্লিমেন্ট খাওয়া ঠিক নয়।
অনেকের অভিজ্ঞতা, মেঘলা দিনে মন ভারী হয়ে থাকে; উজ্জ্বল সকালে বাইরে বেরোলেই সতেজ লাগে। দিনের আলো, নিয়মিত শরীরচর্চা এবং সামাজিক যোগাযোগ মানসিক সুস্থতায় সহায়ক হতে পারে। কিছু মানুষের নির্দিষ্ট ঋতুতে বিষণ্নতার উপসর্গ বাড়ে, যাকে সিজনাল অ্যাফেকটিভ ডিসঅর্ডার বলা হয়। কিন্তু শীতে মন খারাপ হলেই এই রোগ হয়েছে ধরে নেওয়া যায় না। দীর্ঘদিন মন খারাপ, আগ্রহ হারানো, অতিরিক্ত ক্লান্তি কিংবা ঘুম ও খাওয়ার অভ্যাসে বড় পরিবর্তন হলে মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন। কলকাতার শীতের দিনের দৈর্ঘ্য উত্তর ইউরোপের মতো তীব্রভাবে বদলায় না; বিদেশের অভিজ্ঞতা সরাসরি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

তিরিশ থেকে পঞ্চাশ বছর বয়সে সংসার, সন্তান, কর্মক্ষেত্র ও প্রবীণ পরিবারের সদস্যদের দায়িত্ব সামলাতে গিয়ে অনেক মহিলার নিজের জন্য সময় কমে যায়। চল্লিশের কাছাকাছি ঘুম, মাসিকচক্র, ওজন বা মানসিক অবস্থায় পরিবর্তন শুরু হতে পারে; তবে সবটাই হরমোনের কারণে নয়। শরীরচর্চার অভাব, চাপ, থাইরয়েডের সমস্যা কিংবা রক্তাল্পতাও একই ধরনের উপসর্গ তৈরি করতে পারে। তাই শীতের সকালকে নিজের যত্নের ছোট সুযোগ হিসেবে ব্যবহার করা যায়। নিয়মিত সময়ে ওঠা, কিছুক্ষণ প্রাকৃতিক আলোয় থাকা, হালকা ব্যায়াম ও পুষ্টিকর প্রাতরাশের অভ্যাস গড়ে তোলা যেতে পারে।
ঘুম থেকে উঠে প্রথমেই মোবাইলের পর্দায় ডুবে না গিয়ে জানলা খুলুন। আবহাওয়া অনুকূল থাকলে বাইরে কিছুটা সময় কাটান। হাঁটার শুরুতে ধীরে চলুন, তারপর স্বাচ্ছন্দ্য অনুযায়ী গতি বাড়ান। খুব ঠান্ডায় একাধিক স্তরের পোশাক সুবিধাজনক। হৃদ্রোগ, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ বা শ্বাসকষ্ট থাকলে ঠান্ডায় হঠাৎ কঠোর শরীরচর্চা শুরু করবেন না। হাঁটার পরে ডিম, ডাল, দই, ফল, সবজি বা আটার রুটির মতো পুষ্টিকর খাবার দিয়ে প্রাতরাশ সাজানো যায়। শুধু চা-বিস্কুট খেয়ে দীর্ঘ সময় কাটানো নিয়মিত অভ্যাস হওয়া উচিত নয়।

শীতে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঘন ঘন গরম জলে স্নানের কারণে ত্বক শুষ্ক হতে পারে। শীতের রোদ নরম বলে সানস্ক্রিনের দরকার নেই—এ ধারণা ঠিক নয়। বাইরে সময় কাটালে উপযুক্ত ব্রড-স্পেকট্রাম SPF 30 বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করা ভালো। স্নানের পরে ত্বক সামান্য ভেজা থাকতে ময়েশ্চারাইজার লাগান। খুব গরম জল, কড়া সাবান এবং অতিরিক্ত স্ক্রাব ত্বককে আরও শুষ্ক করতে পারে।
শীতকালে তৃষ্ণা কম লাগলেও পর্যাপ্ত জল পান জরুরি। রোদ পোহানোকে শরীরচর্চার বিকল্প ভাবা ঠিক নয়। ভিটামিন ডি বাড়ানোর উদ্দেশ্যে দীর্ঘ সময় সরাসরি রোদে থাকা ত্বকের ক্ষতি করতে পারে। আবার পর্যাপ্ত ঘুমের পরেও নিয়মিত ক্লান্তি থাকলে সেটাকে শুধুই শীতের অলসতা বলে এড়িয়ে যাবেন না। প্রত্যেকের জীবন আলাদা; তাই সুস্থতার রুটিনও নিজের সময়, সামর্থ্য ও শারীরিক অবস্থার সঙ্গে মিলিয়ে তৈরি করুন।

শীতের রোদ কোনও অলৌকিক ওষুধ নয়। এটি সব রোগ সারায় না, একাই ভিটামিন ডি-র চাহিদা পূরণের নিশ্চয়তা দেয় না এবং মানসিক সমস্যার চিকিৎসার বিকল্পও নয়। তবু দিনের আলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান। এর সঙ্গে নিয়মিত শরীরচর্চা, ভালো ঘুম, পুষ্টিকর খাবার এবং নিজের জন্য সময় রাখার অভ্যাস যুক্ত হলে শীতকাল হয়ে উঠতে পারে সুস্থ জীবনযাপনের নতুন সূচনা।
ধারবাহিক রহস্য উপন্যাস: মৃত্যুর চোখ নীল (পর্ব ১)
আবীর গুপ্ত
(এক)
সিবিআই থেকে রোমাকে পাঠানো হয়েছে নর্থ বেঙ্গলে একদল স্মাগলারদের পিছনে। ওর কাজ ওই স্মাগলিং দলটার সমস্ত খোঁজখবর নিয়ে হেডকোয়ার্টারে পাঠানো। আপাতত ও আছে অহলধারা বলে একটি গ্রামে। একটি হোমস্টেতে উঠেছে কারণ এখানে হোমস্টে ছাড়া কোনও হোটেল নেই। যেই হোমস্টেতে উঠেছে সেটাই এখানকার বেস্ট হোমস্টে। ওর কটেজটা পাহাড়ের মাথায় খাদের ধারে আর পুরো ঘরটা কাঁচের তৈরি যাতে ঠান্ডার সময় অর্থাৎ শীতকালে ঘরের ভিতরে খাটে উপর বসেই বাইরের দৃশ্য অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা সহ সূর্যোদয় সব দেখা যায়। ঘরটায় ওঠার পর ওর হাসবেন্ড প্রাইভেট ইনভেস্টিগেটর রাজের কথা খুব মনে পড়ছিল। রাজ আপাতত বিদেশে আছে, একটা তদন্তের জন্য মালয়েশিয়ায় যেতে হয়েছে। যতদূর জানে সিবিআই চিফের বিশেষ অনুরোধে রাজ এই তদন্তটি হাতে নিয়েছে।

প্রচণ্ড ঠান্ডায় রাত আটটার সময় ডিনার সেরে শুয়ে পড়তে বাধ্য হয়েছিল। চারপাশে কোনও সাড়া-শব্দ নেই, পাশের তিনটে কটেজেও একটু আগে ট্যুরিস্টদের যে কথাবার্তার আওয়াজ শুনতে পাচ্ছিল সেগুলোও বন্ধ হয়ে গেছে। স্মার্ট ওয়াচে টাইম দেখল, রাত প্রায় দশটা বাজে। সারাদিন ভয়ানক পরিশ্রম করতে হয়েছে বলেই বোধহয় বেশ ঘুম পাচ্ছে। ঘুমিয়েই পড়েছিল হঠাৎ একটা খট্ করে আওয়াজ হল, ঘুম চোখে দরজার দিকে তাকাল। বাইরে চাঁদের আলোয় কাঁচের মধ্য দিয়ে একটা অস্পষ্ট ছায়ামূর্তি দেখতে পেল। ঝট্ করে উঠে বসল, বালিশের নিচে রাখা রিভলভারটা তুলে নিয়ে সেফটি লকটা অন করল। কোনও সাড়া শব্দ নেই। বাইরের মূর্তিটা অল্প নড়াচড়া করলেও তা নিঃশব্দে করছে। হঠাৎ একটা তীব্র টর্চের আলো বাইরে থেকে ঝলসে উঠল, কাঁচ ভেদ করে এসে পড়ল ওর মুখের উপর! মুহূর্তের মধ্যে চোখ ধাঁধিয়ে গেল। এর পরেই মৃদু বিপ্ করে একটা শব্দ শব্দ শোনা মাত্রই ও ডাবল্ বেডেড খাটের একধারে লাফ দিয়েছিল, তাই সাইলেন্সার লাগানো রিভলভারের গুলিটা এসে বিধল ওর কাঁধে। ওর রিভলভারও গর্জে উঠল। বাইরের লোকটা এক বিকট আর্তনাদ করে লুটিয়ে পড়ল মাটিতে কারণ রোমার রিভলভারের গুলি ওর বুকে লেগেছে। লোকটি জানবে কী করে রোমার লক্ষ্যভেদের ক্ষমতা কীরকম। জানলে হয়তো এরকম রিস্ক নিত না।

রোমা অজ্ঞান হয়ে যাওয়ার আগে স্মার্ট ওয়াচের ডায়ালেই টিপে সিবিআই চিফ মিস্টার ঠাকুরকে কানেক্ট করে শুধু এক লাইনে জানাল ওর গুলি লেগেছে এবং আছে অহলধারার একটি হোমস্টেতে। হোমস্টের নামটা বলেই লুটিয়ে পড়ল বিছানায়, সঙ্গে সঙ্গে জ্ঞান হারাল। কারণ এটা ও ফোনটা করার সময়ই বুঝতে পেরেছিল এই দরকারি ফোনটা করার আগেই জ্ঞান হারাবে তাই স্মার্টফোনটা বার না করে স্মার্ট ওয়াচের মাধ্যমে ফোন করেছিল।
(দুই)
প্রাইভেট ইনভেস্টিগেটর রাজ দুদিন আগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ছেড়ে যে শহরে এসেছে তার নাম আলোর সেটার। মালয়েশিয়ার উত্তর-পশ্চিম কোণে অবস্থিত একটি ছোট্ট শহর। এখানে একটি এয়ারপোর্টও আছে, যার নাম সুলতান আব্দুল হালিম এয়ারপোর্ট। এয়ারপোর্টটা ছোট হলেও বেশ ভালো। কুয়ালালামপুর থেকে এখানে তাই ফ্লাইটেই এসেছে। সিবিআই চিফ মিস্টার ঠাকুরের বিশেষ অনুরোধে এই তদন্তটি নিতে বাধ্য হয়েছে। ভারতে নানাভাবে বিশেষত ভারতের উত্তর-পূর্ব সীমান্ত অতিক্রম করে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য, হীরে আর ইলেকট্রনিক্স গুডস্ ভারতে ঢুকছে। এই খবর সিবিআই-এর কাছে থাকলেও কিছুতেই কীভাবে ঢুকছে, কারা এর পিছনে রয়েছে, তা সিবিআই-এর গোয়েন্দারা বার করে উঠতে পারেনি। মালয়েশিয়ায় থাকা একজন ইনফর্মার এবং একজন ভারতের গুপ্তচর সংস্থা “র”-এর এজেন্টের কাছ থেকে এই খবরটি এসেছিল যে মালয়েশিয়ার কোনও এক শহর থেকে নাকি এইসব মাদকদ্রব্য, হীরে ইত্যাদি নানা পথ ঘুরে ভারতে ঢুকছে। এরপরই ওই দুজনের সঙ্গে ভারতের গুপ্তচর সংস্থার হেডকোয়ার্টার এবং সিবিআই-এর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। সবার ধারণা ওই দুজনকে হত্যা করা হয়েছে। এরপরই সিবিআই চিফ ভারতের গুপ্তচর সংস্থা “র”-এর সঙ্গে আলোচনা করে ঠিক করেন যে ওই দেশে একজন প্রাইভেট গোয়েন্দাকে গোপনে পাঠানো হবে। প্রাইম মিনিস্টার নাকি নিজে রাজের নাম প্রস্তাব করেছিলেন! তাই রাজকে বাধ্য হয়েই অনিচ্ছা সত্ত্বেও এই কাজটি নিতে হয়েছে।

সিবিআই চিফ নিউ দিল্লি এয়ারপোর্টে বসে ভাবছিলেন রোমার খবরটা উনি নিজে রাজকে দেবেন নাকি অধস্তন কর্মচারীদের বলবেন খবরটা দেওয়ার জন্য। আসলে উনি মনে মনে রাজকে যেমন পছন্দ করেন তেমনি একটু ভয়ও পান। একটা ভুল হয়তো করেছেন রোমাকে যে চোরাকারবারি দলটার পিছনে খোঁজখবর জোগাড় করবার জন্য লাগিয়েছিলেন, সেই দলটার সম্বন্ধে খোঁজখবর নেওয়ার জন্যই রাজকেও লাগিয়েছেন এবং সেই সূত্রেই রাজকে মালয়েশিয়ায় চলে যেতে হয়েছে, তা রোমাকে বলেননি। রোমাকে যে ওই দলটির পিছনেই তিনি লাগিয়েছেন তা রাজকেও তিনি জানাননি। তদন্তের স্বার্থে রাজ রোমাকে জানায়নি ঠিক কোন দলটির শুলুক সন্ধানের জন্য ও মালয়েশিয়ায় গেছে। রোমাও নিজের অফিসের কাজের সম্বন্ধে নিজের স্বামীকে কখনো কিছু বলে না। উনি কি রাজকে না জানিয়ে ভুল করেছেন, অন্যায় করেছেন? নিজেই নিজের মনকে প্রবোধ দিলেন। রোমা সিবিআই-এ চাকরি করে এবং উনি রোমার বস। সেক্ষেত্রে উনি রোমাকে কিছু কাজ করার নির্দেশ দিয়েছেন, কী কাজ সেটা উনি আর কাউকে জানাতে তো বাধ্য নন। একই সঙ্গে এটাও ভাবছিলেন, রাজের চরিত্র যা এবং রাজের সঙ্গে ওঁর যা সম্পর্ক, তাতে রাজ প্রচণ্ড রেগে যেতে পারে ওকে আগে থেকে এই সম্বন্ধে জানানো হয়নি বলে। সেক্ষেত্রে ভবিষ্যতে সমস্যা হতে পারে। এই সমস্যা হতোই না যদি না রোমার উপর হামলাটা হত। রোমা আহত হয়েছে, সঙ্গে সঙ্গে উনি হয়তো ব্যবস্থাও নিতে পেরেছেন, তাও-। রোমার কাছে পৌঁছতে ওঁর লোকেদের কিছুটা সময় তো লেগেছেই। উনি এখন নিজেও যাচ্ছেন রোমাকে দেখার জন্য। ডিসিশন নিলেন উনি নিজেই বলবেন। রোমার খবরটা রাজকে দেবেন কারণ অন্য কাউকে জানাতে বললে হয়তো সমস্যাটা আরও জটিল হয়ে যেতে পারে।

(তিন)
মিস্টার ঠাকুরের ফোনটা যখন রাজের কাছে এলো তখন বিকাল, রাজ একটা কফি শপে বসে কফি খাচ্ছিল। মিস্টার ঠাকুর যতক্ষণ ধরে রোমার খবরটা দিচ্ছিলেন রাজ কোনও কথা না বলে চুপ করে শুনছিল। মিস্টার ঠাকুরের কথা শেষ হওয়া মাত্র ফোনটা কোনও কিছু না বলে কেটে দিল। ধীরে সুস্থে কফিটা শেষ করে উঠে দাঁড়াল কারণ কফি খেতে খেতেই ডিসিশন নিয়ে নিয়েছে ও ইন্ডিয়ায় ব্যাক করবে। ওখান থেকে একটা ক্যাব ধরে সোজা চলে গেল নিজের হোটেলে। ইন্টারনেটে ফ্লাইটের টিকিট বুক করে ফেলল, রাত দশটা নাগাদ একটা ফ্লাইট পেয়ে গেল। মিস্টার ঠাকুর বলেছিলেন রোমাকে নিয়ে আসা হয়েছে নিউ জলপাইগুড়িতে অর্থাৎ ওকে কলকাতা হয়ে নিউ জলপাইগুড়ি যেতে হবে। বাড়িতে বাবা মাকে খবর দেওয়াটা জরুরি মনে করে বাবাকে ফোন করে জানিয়ে দিল।

রাজ কলকাতা হয়ে বাগডোগরার ফ্লাইটে বাগডোগরা এয়ারপোর্টে যখন নামল তখন ঠিক সন্ধ্যা ছটা পনেরো বাজে। চেক আউট করে লাগেজ নিয়ে বেরোতে বেরোতে আরও আধঘণ্টা লেগে গেল। ওখান থেকে সোজা একটা ক্যাবে চলে গেল রোমাকে যে হাসপাতালে রাখা হয়েছে সেখানে। এই সুপার স্পেশালিটি হসপিটালটি বেসরকারি এবং ব্যবস্থাপনা বেশ ভালো। যে স্পেশাল ওয়ার্ডে রোমাকে রাখা হয়েছে তার কেবিনগুলো বেশ ভালো, পরিষ্কার এবং খুব বড় না হলেও খুব ছোটও নয়। রাজকে দেখে রোমা অবাক হলো না কারণ জানত রোমার গুলি লেগেছে শুনলে রাজ যেখানেই থাকুক আসতে না করলেও চলে আসবে, কারও কথা শুনবে না। ঘরে মিস্টার ঠাকুরকে বসে থাকতে দেখে রাজের মুখটা শক্ত হয়ে গেল। মিস্টার ঠাকুর রাজের মুখের দিকে তাকিয়ে বুঝে গেলেন এখন কোনও কথা বলা ঠিক হবে না, পরে কথা বলবেন বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। রাজ রোমার খাটের পাশে রাখা চেয়ারে বসে জিজ্ঞাসা করল –
কী করে হল?
রোমা পুরো ঘটনাটা হাসতে হাসতে খুলে বলল। রাজ চুপ করে শুনল, তারপর শুধু একটা কথাই বলল –
এই বুড়োটা মহা ধুরন্ধর, আমাকে যে দলটার পিছনে লাগিয়েছেন তোমাকেও সেই দলটার পিছনে লাগিয়েছেন! অথচ, উনি আমাদের দুজনের কাউকেই এ কথা জানাননি। আমাকে তোমার কথা জানাননি হয়তো ভয়ে যে এই দলটা কতটা ভয়ংকর সেটা আমি জানি, তাই আমি ওঁকে নিষেধ করতাম তোমাকে এর মধ্যে জড়ানোর জন্য। কিন্তু এখন যা দাঁড়াল তাতে আমি আর মালয়েশিয়ায় ফেরত যাব না। অফিসিয়ালি জানিয়ে দেবো আমার জায়গায় অন্য কাউকে অ্যাপয়েন্ট করতে।

রোমার সঙ্গে কথা বলে হোটেলে ফেরার পর রাতে রাজ একা একা বসে তলিয়ে সবটা ভাবছিল। চোরাকারবারির দলটার একজন এজেন্ট রোমাকে খুন করতে গিয়ে রোমার গুলিতে মারা গেছে, রোমা বেঁচে গেছে। সেক্ষেত্রে ওই দলটি আবার অন্য কাউকে পাঠাবে রোমাকে হত্যা করার জন্য। অথবা বাইরের কাউকে টাকা দিয়ে নিয়োগ করবে এই কাজটি করার জন্য। অর্থাৎ, রোমা সুরক্ষিত নয়। সেক্ষেত্রে, একটাই উপায় হচ্ছে এই দলটার ভারতীয় উইংটাকে শেষ করে দেওয়া যাতে রোমাকে আঘাত করার সুযোগ না পায়। রাজকে এটা করতেই হবে কারণ এখানে রোমার সুরক্ষা জড়িয়ে গেছে। রাতে ভালো ঘুম হলো না রোমার চিন্তায়।
(চার)
রোমাকে শিলিগুড়ির যে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেটি অত্যন্ত বিখ্যাত একটি বেসরকারি হাসপাতাল। রাজ যে হোটেলটায় রুম বুক করেছে সেটা হাসপাতালের ঠিক পাশেই। হোটেলটা মাঝারি মানের হলেও খুব খারাপ নয়। রাজের মনে হয়েছিল এই হোটেলটায় থাকলে রোমাকে দেখভাল করতে সুবিধা হবে। হোটেলটার রুমে বসে ভাবতে ভাবতে রাজ ঠিক করে ফেলল অহলধারা থেকেই তদন্ত শুরু করবে। মোটামুটি পরিস্থিতি যা দেখেছে তাতে বুঝেছে, ইমিডিয়েটলি রোমাকে আবার আততায়ীর দল আক্রমণ করার চেষ্টা করবে না আর করলেও সুবিধা করতে পারবে না। সিবিআই চিফের ব্যবস্থাপনায় রোমা যে ঘরে আছে সেই ঘরের বাইরে দশজন সশস্ত্র পুলিশ সব সময় পাহারায় রয়েছে। এছাড়াও দুজন সিবিআই-এর গোয়েন্দাও আছেন। রাজ ওর চেনা একটি কার রেন্টাল সার্ভিসে ফোন করে পরদিন সকালে একটি গাড়ি পাঠিয়ে দিতে বলল। শিলিগুড়ি থেকে অহলধারা মোটামুটি দুই ঘণ্টার পথ। অহলধারায় পৌঁছে রাজ রোমা যে হোমস্টেটাতে ছিল তার মালিকের সঙ্গে যোগাযোগ করল। রাজের পরিচয় পেয়ে উনি সব রকম ভাবে সাহায্য করবেন বলে জানালেন। রোমা যে ঘরটায় ছিল রাজ সেই ঘরটা দেখতে চাইল।

অহলধারার পাহাড়ের একদম মাথায় সিমেন্টে বাঁধানো রেলিং দিয়ে ঘেরা সমতল একটা জায়গার বাঁদিকে বেশ কয়েকটা সিমেন্টের বেঞ্চি বসানো আর ডানদিকে সম্পূর্ণ কাঁচে ঢাকা পরপর চারটি ঘর। ঘরগুলো অদ্ভুত, অনেকটা পিরামিডের মতো দেখতে। ওই ঘরগুলোর আগে অবশ্য একটা রুমের গায়ে লেখা আছে রিসেপশন। রোমা ডানদিকের ঘরগুলোর শেষ ঘরটায় ছিল, তাই রাজ সেদিকেই এগিয়ে গেল। তিন দিন আগে ঘটে যাওয়া ওই ঘটনার পর পুলিশ শেষ ঘরটাকে সিল করে দিয়েছে। হোমস্টের মালিক পুলিশের বিশেষ অনুমতি নিয়ে ওই চারটি ঘর বাদ দিয়ে বাকি অন্যান্য হোমস্টের ঘরগুলো ট্যুরিস্টদের ভাড়া দিচ্ছেন। রাজ ঘরটার সামনে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের কাঁচের উপর তাকাল - একটা ফুটো। ফুটোটা গোল না হয়ে কিছুটা আয়তাকৃতির এবং চারপাশটা ফেটে গেছে। রাজ প্রাথমিকভাবে বুঝতে পারল আততায়ী গুলিটা একটু দূর থেকে সামনে থাকা কাঁচের দেওয়ালের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে চালিয়েছিল। যদি কাঁচের অনুভূমিক অর্থাৎ পারপেন্ডিকুলার ভাবে গুলিটা চালাতো তাহলে ফুটোটা গোল হত। কাঁচের গায়ে রিভলভারের নল ঠেকিয়ে গুলি করলে ফুটোর চারপাশের কাঁচ ফেটে যেত না। একটু দূর থেকে করার জন্য কিছুটা সংঘর্ষের কারণে ফুটোর চারপাশের কাচের অংশে ফাটল দেখা দিয়েছে। এই ফুটোটার হাইট মোটামুটি মাটি থেকে চার ফুটের মতো অর্থাৎ আততায়ী ঝুঁকে মাটিতে বসে অথবা কুঁজো বা নিচু হয়ে গুলিটা চালিয়েছিল। দ্বিতীয় আরেকটি ফুটো সেটা মোটামুটি মাটি থেকে পাঁচ ফুট উচ্চতায় রয়েছে।

এই ফুটোটার চারপাশের কাঁচের অংশে ফাটল অনেক বেশি এবং এক জায়গায় তো খানিকটা চলটা উঠে গেছে। রাজ যতটুকু শুনেছিল তাতে আততায়ীর রোমার ছোড়া গুলিটা বুকের বাঁদিকে লেগেছিল। কাজেই আততায়ীর উচ্চতা, রাজের হিসাবমতো প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি থেকে ১১ ইঞ্চি। বেশ লম্বাই বলতে হবে। পুলিশের অনুমতি ছিল তাই একজন পুলিশ যিনি ওখানে পাহারা দিচ্ছিলেন তিনি দরজা খুলে রাজকে ভিতরে ঢুকতে দিলেন।
রাজ খুঁটিয়ে পুরো ঘরটা দেখতে শুরু করল। জানে কিছু পাবে না কারণ ঘরের ভিতর রোমাই শুধুমাত্র ছিল, আততায়ী ঢুকবার সুযোগই পায়নি। তাও একবার দেখছিল কারণ ওর সন্দেহ হয়েছিল বাইরে থেকে ঘরের ভিতরে শোবার খাটটা ঠিক কোথায় বসানো আছে আততায়ী জানল কীভাবে! তাহলে কি আগে ওই ঘরে ঢুকে আততায়ী ঘরটাকে ভালোভাবে দেখে গিয়েছিল যাতে বাইরে থেকে ঠিক কোথা থেকে গুলি করলে খাটে শোয়া মানুষের গায়ে গুলি লাগবে? ঘরের ভিতরটা অন্ধকার করে আবার বাইরে গেল, কাঁচের উপর থেকে বাইরে থেকে চোখ লাগিয়ে ভালো করে দেখার চেষ্টা করল, ভিতরের কিছুই বুঝতে পারল না। কাঁধের ঝোলা ব্যাগ থেকে একটা টর্চ বার করে আলো ফেলল ভিতরে, কাঁচ ভেদ করে একটা হালকা খাট এবং ভিতরে থাকা আলমারি ও খাটের পাশে থাকা ছোট্ট টেবিলটার হালকা অবয়ব দেখতে পেল।

এইবারে ওর পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল। আগে ভিতরে ঢুকে পুরোটা দেখে আততায়ী হিসাব কষে নিয়েছিল, কোন জায়গা থেকে ওই টর্চের আলো ফেলে হালকা অবয়ব দেখতে পেলে ঠিক কোথায় গুলি করলে মানুষটির গায়ে গুলি লাগবে। তার মানে আততায়ীকে এখানকার কোনও কর্মচারীর সাহায্য নিতে হয়েছিল। তা না হলে ভিতরটা জানবে কীভাবে! রোমা থাকাকালীন যদি ভিতরে ঢুকে থাকে, রোমার অসাক্ষাতে ভিতরে ঢুকে থাকে, তাহলে ওই হোমস্টের কোনও কর্মচারীই ডেফিনেটলি আততায়ী। কেউ সাহায্য করলে অবশ্য নর্মাল ট্যুরিস্ট হিসাবেও ঘরের ভিতরটা দেখে যেতে পারে। কিন্তু সে ক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যায়, আততায়ী জানবে কীভাবে রোমা ঠিক ওই ঘরেই থাকবে? ওর পাশে তো আরও তিনটে ঘর আছে। হোমস্টের মালিক সেই দুটো ঘরের একটাও তো দিতে পারতো? অথবা রোমা নিজেও পছন্দ করে মাঝের কিংবা অন্য আরেকটা ঘরও তো নিতে পারতো? রোমার সঙ্গে কথা বলে যতটুকু জেনেছে তাতে রোমা তিন দিন আগে এসে নিজে ঘর পছন্দ করে তারপর ঘরটা বুক করেছিল। সেক্ষেত্রে রোমা ঘর ভাড়া নেওয়ার পর রোমার অসাক্ষাতে আততায়ী ওই ঘরে ঢুকেছিল। ডেফিনেটলি কেউ সাহায্য করেছিল। রাজকে ওই লোকটিকেই খুঁজে বার করতে হবে। তাহলে হয়তো দরকারি কোনও সূত্র পাওয়া গেলেও যেতে পারে।

(পাঁচ)
রাজ হোমস্টের মালিককে জিজ্ঞাসা করে যতটুকু জানতে পারল হোমস্টেতে পাঁচজন স্টাফ কাজ করে। এর মধ্যে দুজন রয়েছে কিচেনে যারা খাবার যেমন রান্না করে তেমনই হোমস্টের গেস্টদের ঘরে ঘরে অথবা ডাইনিং রুমে খাবারও সার্ভ করে। বাকি তিনজন স্টাফ রুমগুলোর সাফাই থেকে শুরু করে হাউসকিপিং ছাড়াও দরকার মতো গেস্টদের ফাইফরমাশ খাটে তেমনই লাঞ্চ ডিনার এবং ব্রেকফাস্টের খাবার দরকার মতো ঘরে ঘরে পৌঁছে দিয়ে কিচেনের স্টাফদের সাহায্য করে। রাজ ভেবে দেখল সবার সাথেই কথা বলা দরকার। খবর নিয়ে জানতে পারল এই পাঁচজন স্টাফের মধ্যে কিচেনের দুজন স্টাফের একজন ছুটি নিয়ে বাড়ি যাওয়াতে রান্না করার জন্য নতুন একজনকে রাখা হয়েছিল। যার বদলে রাখা হয়েছিল সে আবার ছুটি থেকে ফিরে কাজে যোগ দেওয়াতে নতুন যাকে টেম্পোরারিলি রাখা হয়েছিল তাকে দুদিন আগে ছাড়িয়ে দেওয়া হয়েছে। রাজ সেই নতুন স্টাফের নাম, ঠিকানা ও ফোন নম্বর মালিকের থেকে নিয়ে নিল।

রাজ এই পাঁচজন স্টাফের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারল সেটা হচ্ছে প্রথমত এই স্টাফেরা বহুদিন ধরে কাজ করছে এবং মালিকের মতে অত্যন্ত বিশ্বাসযোগ্য। রাজের নিজেরও মনে হয়েছে ওরা নির্দোষ। দ্বিতীয় যে বিষয়টি রাজকে চিন্তায় ফেলেছিল সেটা হল প্রতিটি রুমের ডুপ্লিকেট চাবি রিসেপশনে রাখা থাকে। কাজেই যে কোনও স্টাফের পক্ষেই সেই চাবি নিয়ে ঘরের দরজা খোলা অত্যন্ত সহজ। মালিকের কথা অনুযায়ী রিসেপশনে ডুপ্লিকেট চাবি রাখা হয় যাতে গেস্টরা যখন বেরিয়ে যায় অর্থাৎ গেস্টদের অনুপস্থিতিতে রুমের ভিতর ঢুকে হাউসকিপিং করা যায়। এটা করা হয় যাতে গেস্টরা ঘরে ফিরে পুরো ঘর সাজানো-গোছানো ও পরিষ্কার-পরিচ্ছন্ন দেখলে খুশি হয়। যেহেতু স্টাফরা অত্যন্ত বিশ্বাসী তাই গেস্টদের অনুপস্থিতিতে যখন দুজন বা তিনজন স্টাফ ঘরে ঢোকে হাউসকিপিং-এর জন্য তখন ভুলেও তারা কোনও জিনিস চুরি করে নিয়ে যায় না। অনেক সময় দেখা গেছে স্টাফরা রিপোর্ট করেছে যে কোনও গেস্ট ঘরে মানিব্যাগ বা সোনার গয়না বা দামি ঘড়ি ফেলে বেরিয়ে গেছেন। স্টাফেরা হাউসকিপিং-এর সময় সেটি দেখতে পেয়ে টেবিলের উপর যত্ন করে রেখে দিয়ে মালিককে ইনফর্ম করে দিয়েছে যে তারা সেটি করেছে এবং এটি যেন গেস্টকে জানিয়ে দেওয়া হয়। এতটাই ওরা বিশ্বাসী। সেক্ষেত্রে রাজের মনে হয়েছিল পুরনো স্টাফেরা সামান্য টাকার জন্য অন্তত খুন বা ওরকমের কোনও ঘটনার সঙ্গে নিজেকে জড়াবে না। সম্ভবত দিন সাত-আটেকের জন্য নতুন যাকে রিক্রুট করা হয়েছিল সেই লোকটিই আততায়ীদের ঘরের ভিতরে ঢুকিয়েছিল। অর্থাৎ, ওই লোকটির সন্ধান করলেই হয়তো আততায়ীদের খবর পাওয়া যেতে পারে।

মালিকের কাছ থেকে ওই স্টাফটির যে নাম, ঠিকানা ও ফোন নম্বর পেয়েছে, হোমস্টের মালিকের কথায় সেটি তিনি পেয়েছেন লোকটির আধার কার্ডের থেকে। ফোন নম্বরটা সেই সময়ে অ্যাকটিভ থাকলেও বর্তমানে অ্যাকটিভ আছে কিনা সেটা চেক করে দেখতে হবে। ঠিকানা অরিজিনাল হওয়ার চান্স কম কারণ যদি সে আততায়ীদের একজন হয়ে থাকে তাহলে প্রথম থেকেই সাবধানতা অবলম্বন করে ফলস্ আধার কার্ড দেখিয়ে চাকরিতে জয়েন করেছিল। আর যদি টাকার লোভে আততায়ীদের সাহায্য করে থাকে তাহলে হয়তো আধার কার্ডের ঠিকানা আসল হতে পারে। তবে ফোন নম্বর যে বদলে ফেলেছে সে বিষয়ে রাজ নিশ্চিত। আধার কার্ডের ঠিকানা অনুযায়ী লোকটির ঠিকানা কলকাতায়, শিয়ালদহ অঞ্চলে। রাজ ওর পরিচিত একজন পুলিশ কর্মীকে ফোন করল যিনি শিয়ালদহ অঞ্চলে থাকেন। রাজ জানে, যাঁকে ফোন করেছে তিনি ঘটনার গুরুত্ব বুঝে কয়েক ঘণ্টার মধ্যেই রাজকে সব তথ্য দিতে পারবেন এবং দিয়ে দেবেন।

(ছয়)
রাজ হোমস্টের স্টাফদের সাথে কথা বলে যতটুকু জানতে পারল সেটা এরকম। ঘটনার দিন রাতে রোমা তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়েছিল। যে স্টাফ রোমাকে রাত আটটা নাগাদ ডিনার ঘরে পৌঁছে দিয়েছিল সে জানাল সেদিন ম্যাডামকে দেখে ওর অস্বাভাবিক কিছু লাগে নি। পাশের ঘরে রাত সাড়ে নটার সময় সেই স্টাফটিই ডিনার পৌঁছে দিতে গিয়েছিল তখনও অস্বাভাবিকত্ব কিছু নজরে আসেনি। এরপর রাত বারোটা নাগাদ পরপর দুটো গুলির শব্দে সবার ঘুম ভেঙে যায়। স্টাফেরা ঠান্ডার মধ্যে বেরিয়ে আসে বাইরে কী হয়েছে বোঝার জন্য। তখনই দেখা যায় রোমার কটেজের বাইরে একজন মানুষের দেহ পড়ে আছে, আর জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে। সেই সময় কাঁচের ফুটোও চোখে পড়ে। দরজায় ধাক্কা দিয়ে ভিতর থেকে রোমার কোনও সাড়াশব্দ না পেয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে দেখে রোমা রক্তাক্ত অবস্থায় বিছানার একধারে পড়ে আছে, কোনও জ্ঞান নেই। এর ঠিক পরেই সিবিআই থেকে ফোন আসে, লোকাল পুলিশের থেকে ফোন আসে রোমার খবর জানার জন্য। খবর শুনেই লোকাল পুলিশ থেকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেওয়া হয়। সেইসঙ্গে তিন জন উচ্চপদস্থ অফিসারও দৌড়ে চলে আসেন। রোমাকে অ্যাম্বুলেন্সে করে প্রথমে নিয়ে যাওয়া হয় লাটপাঞ্চারের সরকারি হাসপাতালে। ওখান থেকে ডাক্তাররা দ্রুত শিলিগুড়িতে নিয়ে যেতে বলেন কারণ এই ধরনের ট্রিটমেন্টের কোনও ইনফ্রাস্ট্রাকচার ওদের নেই। সেই রাতেই রোমাকে শিলিগুড়ির মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। শিলিগুড়ি পুলিশের সহায়তায় ঘরের বাইরে পুলিশ পোস্টিং করা হয়। সিবিআই থেকেও সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হয় যাতে রোমার সিকিউরিটির দিক থেকে কোনও খামতি না থাকে।

স্টাফদের কথা শুনে রাজ বুঝতে পারল নতুন জয়েন করা অল্পবয়সি ছেলেটিই হয়তো আততায়ীদের সাহায্য করেছিল। এরই মধ্যে শিয়ালদহ থানার ওসির ফোন এলো, তিনি জানালেন ওই লোকটির পরিচয় পাওয়া গেছে। আধার কার্ডে যে ঠিকানা দেওয়া আছে তার সঙ্গে মিলে গেছে। কিন্তু, ছেলেটি কলকাতা ছেড়ে কখনো নর্থ বেঙ্গলে যায়নি এবং সেটার সত্যতা প্রতিবেশী এবং ছেলেটির বন্ধুরা সমর্থন করেছে। অর্থাৎ, যে এখানে জয়েন করেছিল সে ওই আধার কার্ডের ডুপ্লিকেট আধার কার্ড বানিয়ে এখানে জয়েন করেছিল। এর থেকে দুটো তথ্য পাওয়া যাচ্ছে। প্রথমত যে এখানে জয়েন করেছিল সে অনেকটা আধার কার্ডের ছবির লোকটির মতো দেখতে। আর দ্বিতীয়ত কোনও সাধারণ অর্গানাইজেশনের পক্ষে আধার কার্ডের এত নিখুঁত নকল করা সম্ভব নয়। অর্থাৎ আততায়ীরা বেশ সংগঠিত এবং বড় দল, যাদের কাছে এই ধরনের আধার কার্ড বানানো কোনও সমস্যাই নয়। অনেক ক্ষেত্রে জাল আধার কার্ডের ছবি বদলে দিয়ে যিনি ওই আধার কার্ড ব্যবহার করছেন তাঁর ছবি বসিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে খুব ভালোভাবে দেখলে পরে যে ছবি বসানো হয়েছে তা বোঝা যায়। এক্ষেত্রে ওরা সেরকম কোনও রিস্কই নেয়নি। আধার কার্ডে যেসব ছবি থাকে তার সাথে অরিজিনাল মানুষের চেহারার কিছু পার্থক্য থাকেই, এটা সবাই জানে। রাজও দেখেছে ভোটার কার্ড ও আধার কার্ডের ছবির সাথে ওই মানুষটিকে মেলাতে গেলে বেশ অসুবিধা হয়। এর কারণও আছে। আধার কার্ড যখন বানানো হচ্ছে তার দশ বছর বাদে মানুষটির মুখের চেহারার পরিবর্তন তো হবেই। প্রতিবছর ভারতের প্রতিটি মানুষকে নতুন আধার কার্ড পাঠানো তো সম্ভব নয়। রাজ বুঝতে পারছিল রোমার গুলিতে মৃত ব্যক্তির পরিচয় বার করা হয়তো সম্ভব নয়। তাই, লোকটি কোথায় থাকত সেটা ওর মনে হলো প্রথমে জানার চেষ্টা করা উচিত। স্টাফদের মধ্যেই একজন জানাল লোকটি অর্থাৎ ছেলেটি স্কুটার নিয়ে আসতো এবং সম্ভবত সিটং-এ থাকত। ওই ছেলেটিকে ওর বাড়ি অবধি নিজের বাড়িতে যাওয়ার আগে একবার ও লিফট দিয়েছিল। জায়গাটা কোথায় জেনে নিয়ে ওই ছেলেটিকে নিয়ে রাজ আপার সিটং-এ গেল।

যেহেতু ওই ছেলেটি প্রাক্তন কর্মচারীটির বাড়িতে একবার গিয়েছিল তাই রাজকে ওই বাড়িতে নিয়ে যেতে সক্ষম হল। পাহাড়ি অঞ্চলের বাড়ি যেমন হয় ছোট্ট একতলা কাঠের বাড়ি, উপরের চাল করোগেটেড টিনের। ঘরের চেহারা দেখে রাজের মনে হল আর্থিক অবস্থা মোটেই ভালো নয়। সদর দরজা ভিতর থেকে বন্ধ অর্থাৎ ভিতরে মানুষ আছে। রাজ সদর দরজায় কড়া নাড়ার আগে পাশের ছোট্ট পান-বিড়ি-সিগারেটের দোকানে জিজ্ঞাসা করে জানতে পারল মিংমা নামের ওই ছেলেটি বাড়িতে একাই থাকে। আগে ড্রাইভারের চাকরি করতো, পরে কী একটা গোলমালে সেই চাকরিটি চলে যাওয়ার পর কিছুদিন নানান হোমস্টেতে চাকরি করেছিল। বর্তমানে অহলধারার কোনও একটি হোমস্টেতে চাকরি করে। রাজ দরজা ধাক্কা দিল, কড়া নাড়ল, কিন্তু ভিতর থেকে কোনও সাড়া শব্দ এলো না। সঙ্গের হোমস্টের স্টাফ ছেলেটি মিংমার নাম ধরে বহু ডাকাডাকি করল দরজা ধাক্কালো কিন্তু তা সত্ত্বেও ভিতর থেকে কোনও রেসপন্স এলো না! রাজের বিষয়টা একটু গোলমেলে লাগছিল। পাশের দোকানের ছেলেটিকে ডাকল এবং আশেপাশের বাড়ির কয়েকজনকে ডেকে নিয়ে এসে বলল দরজা ভাঙতে হবে। দরজা ভাঙা হলো, রাজ ভিতরে ঢুকেই থমকে গেল, বাকি সবাইকে দরজার বাইরেই থাকতে বলল কারণ মেঝে আর দেওয়ালে ছোপ ছোপ রক্ত লেগে আছে! মেঝেতেও রক্ত জমে শুকিয়ে কালো হয়ে গেছে। খুব সাবধানে রক্তের দাগের উপর পা না ফেলে একটু ভিতরে ঢুকেই থমকে গেল, একটা অল্পবয়সী ছেলের ডেড বডি পড়ে আছে। গলায় আর বুকে ক্ষত। ঘরের ভিতর আগেই একটা পচা গন্ধ পাচ্ছিল, সেটা তীব্র হল। দেহে পচন ধরেছে অর্থাৎ কম করে দু-তিন দিন আগে মিংমাকে হত্যা করা হয়েছে। রাজ ফোনটা বার করে প্রথমে সিবিআই চিফ তারপর লোকাল পুলিশকে ফোন করে আসতে বলল।
(সাত)
ইন্সপেক্টর এবং লাটপাঞ্চার থানার ওসি মনোজ গুড়ুং রাজের পরিচিত। বছর দুয়েক আগে একটি কেসে রাজ ওঁকে সাহায্য করেছিল। তাই, রাজের সুবিধা হয়ে গেল কারণ মনোজ গুরুং নিজেই ওকে বললেন ইনভেস্টিগেশনে সাহায্য করার জন্য। তাছাড়া উপরমহল থেকেও বোধহয় ওঁকে রাজের সাহায্য নেওয়ার জন্য বলা হয়েছিল। রাজ দুই হাতে গ্লাভস পরে ঘরের ভিতর খোঁজাখুঁজি শুরু করল। সাদামাটা একটা ঘর। একটা খাট, একটা ভাঙাচোরা আলমারি, একটা টেবিল আর দুটো পিভিসি চেয়ার, এছাড়া ঘরে সেইভাবে কিছু নেই। ঘরের সদর দরজায় ইয়েল লক লাগানো, আততায়ীরা খুন করে যাওয়ার সময় দরজার লক বাটন টিপে টেনে বন্ধ করে গেছে। অর্থাৎ যারা এসেছিল তারা রীতিমতো প্রফেশনাল। তবে রাজের অদ্ভুত লাগল যেটা সেটা হল ফুট পাঁচেক হাইটের কাঠের আলমারিটার উপর একটা ড্যাশ ক্যাম বসানো আছে যেটার তার বেরিয়ে পাশের সুইচ বোর্ডের একটা সকেট পয়েন্টে লাগানো আছে। রাজ আলমারিটা খুলে ভিতরে কিছু জামাকাপড় ছাড়া আর সেরকম কিছু পেল না। অবশ্য একটা প্যাকেটে একটা পাসবই আর ব্যাংকের চেক বই দেখে উল্টে দেখল, উল্লেখযোগ্য কিছু পেল না। অ্যাকাউন্টে মাত্র হাজার চারেক টাকা রয়েছে। মিংমা আগে ড্রাইভারের চাকরি করত, সম্ভবত সেখান থেকেই কোনওভাবে এই ড্যাশ ক্যামটা পেয়েছিল এবং সেটা আলমারির উপর রেখেছিল। কিন্তু ড্যাশ ক্যামের পাওয়ার কর্ডটা কেন ইলেকট্রিক-পয়েন্টে লাগানো! তাছাড়া সুইচও অন করা! তাহলে কি? রাজ ডেড বডির পকেট হাতড়ে কোনও স্মার্টফোন পেল না অথচ হোমস্টের অন্যান্য স্টাফরা বলেছে ওর একটা স্মার্টফোন ছিল। সে ক্ষেত্রে ধরে নিতেই হবে খুনিরা ওর স্মার্টফোনটা নিয়ে গেছে। ড্যাশ ক্যামটা তুলে পিছনের দিকে তাকিয়েই চমকে উঠল, ভিতরে একটা মাইক্রো এসডি কার্ড লাগানো আছে! কার্ডটা টেনে বার করল, ১২৮ জিবির মাইক্রো এসডি কার্ড। এই ড্যাশ ক্যামটার গায়ে লেখা আছে ৭২০ পি রেজোলিউশনে রেকর্ডিং হয় অর্থাৎ প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টা ১২৮ জিবি কার্ড লাগানো থাকলে রেকর্ডিং হবে। কার্ডটা হাতে নিয়ে ওসি ও ইন্সপেক্টর মনোজ গুরুংকে বলল একটা ল্যাপটপ এবং একটা মাইক্রো এসডি কার্ড রিডার জোগাড় করার জন্য। উনি দ্রুত ব্যবস্থা নিলেন, ওখানকারই একটি কম্পিউটারের দোকান থেকে ল্যাপটপ আনিয়ে মাইক্রো এসডি কার্ডটা কার্ড রিডারে লাগিয়ে ভিতরে লাগাতেই ৫ মিনিট করে এক একটা ভিডিওর পরপর ভিডিও স্লট রাজ দেখতে পেল। এই ড্যাশ ক্যামগুলোতে কন্টিনিউয়াসলি ভিডিও একটা ফাইলে রেকর্ডেড হয় না, দু মিনিট, তিন মিনিট বা পাঁচ মিনিট করে ভিডিওগুলো ভেঙে যায়। এখানে পাঁচ মিনিট সেট করা আছে। রাজ মনোজ কুরুনকে নিয়ে ভিডিও দেখতে দেখতে শিস দিয়ে উঠল কারণ ভিডিওতে মিংমাকে খুনের দৃশ্য পরিষ্কারভাবে ধরা পড়েছে এবং ওতে খুনিকে চেনা যাচ্ছে। খুনি একজন ছিল না দুজন ছিল।
একজন ছিল গেটের কাছে আর অন্যজন ভিতরে। সদর দরজার কাছে যে ছিল তাকে ভালোভাবে বোঝা না গেলেও ভিতরের মানুষটিকে পরিষ্কারভাবে শনাক্ত করা যাচ্ছে। এই মানুষটিকে রাজ যেমন চেনে না তেমনি মনোজ গুরুংও কখনও দেখেনি। রাজ মনোজবাবুকে অনুরোধ করল খুনির এই ফটো সর্বত্র সার্কুলেট করে খুনির পরিচয় জানার চেষ্টা করার জন্য। এছাড়াও ক্রিমিনালদের ডেটাবেসে খোঁজ করতে বলল, হয়তো সেখানেও এই লোকটির পরিচয় পাওয়া যেতে পারে। এই দুটি লোক ভাড়াটে খুনি, আসল দলটির সদস্য নয়। সম্ভবত এদের দুজনকে সুপারি দেওয়া হয়েছিল মিংমাকে খুন করার জন্য।
রাজ অনেক খুঁজেও ঘর, রান্নাঘর বা ওয়াশরুম থেকে কোনও সূত্র পেল না। ডেড বডির ছবি তুলে অনেক আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল নানান জায়গায়, একই সঙ্গে ড্যাশ ক্যামে তোলা ছবিও পাঠিয়ে দেওয়া হয়েছিল। ডেড বডি পোস্টমর্টেমে চলে যাওয়ার পর ফরেনসিক ডিপার্টমেন্টের লোকেরাও তাদের কাজ শেষ করে চলে গেছে। রাজ আশেপাশের বাড়িগুলোতে মিংমার সম্বন্ধে খোঁজখবর নিচ্ছিল। এই নেপালি ছেলেটা এই বাড়িতে বছর তিনেক ধরে আছে, তার আগে কোথায় থাকত তা ওরা জানে না। শুধু এটুকুই শুনেছিল, মিংমার বাবা-মা একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে এক দূর সম্পর্কের আত্মীয়র কাছে মানুষ হয়েছিল। এসব কথাবার্তা যখন হচ্ছে তখন রাজের কাছে সিবিআই দপ্তর থেকে ফোন এলো। ওরা রাজের পাঠানো ছবি থেকে মিংমার খুনিকে শনাক্ত করতে পেরেছে। লোকটির নাম রাজন, তিন বছর আগে জেল থেকে ছাড়া পেয়েছে। মাদকদ্রব্য চোরাচালানের দায়ে পাঁচ বছরের জন্য জেলে পাঠানো হয়েছিল। দাগি আসামি শুধু নয় জেলে থাকার সময়ও নানান কাণ্ডকারখানা করে কুখ্যাত হয়ে গিয়েছিল। রেকর্ড খুব খারাপ। জেল থেকে ছাড়া পাওয়ার পর আর কোনও খোঁজখবর সিবিআই বা পুলিশের কাছে ছিল না, যেন উধাও হয়ে গিয়েছিল। এই প্রথম ওর খবর পাওয়া গেল। এখন প্রশ্ন একটাই, ও কি রোমা যে দলটার শুলুক সন্ধান বার করবার চেষ্টা করছিল সেই দলেরই একজন এজেন্ট নাকি ওকে ভাড়া করা হয়েছিল মিংমাকে খুন করার জন্য? পুলিশ রাজনের ছবি সর্বত্র সার্কুলেট করে দিয়েছে এবং সম্ভবত একটা পুরস্কার ঘোষণা করা হবে বলে পুলিশ দপ্তর থেকে জানানো হয়েছে। যে রাজনের খবর দেবে তাকে ১০০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। রাজ জানে, ওই টাকার লোভে পুলিশ যদি ভেবে থাকে রাজনের খবর পাবে তাহলে ভুল ভাবছে। রাজনও জীবিত আছে কিনা সেই বিষয়ে রাজের যথেষ্টই সন্দেহ আছে কারণ দলটি এতটাই ভয়ংকর যে ওরা কোনও প্রমাণ রাখে না, রাখতে চায় না।
বাকি অংশ পরবর্তী সংখ্যায়...








Comments