বসন্তের আবহে রঙে-নৃত্যে মুগ্ধ করল ‘রাঙিয়ে দিয়ে যাও, সিজন ৭’
- rojkarananya
- 1 hour ago
- 1 min read
বসন্ত ও রঙের উৎসবকে সামনে রেখে ওডিশি নৃত্যশিল্পী সুলগ্না ভট্টাচার্য-এর পরিচালনায় অনুষ্ঠিত হল বার্ষিক নৃত্যানুষ্ঠান রাঙিয়ে দিয়ে যাও, সিজন ৭।

গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে শিবপুর-এর নেতাজি সংঘ ক্লাব সংলগ্ন মাঠে আয়োজিত এই অনুষ্ঠান নৃত্য, সঙ্গীত ও কাব্যিক উপস্থাপনার সমন্বয়ে হয়ে উঠেছিল রঙিন ও প্রাণবন্ত। সুলগ্না অ্যাকাডেমি ট্রাস্টের নবীন শিল্পীদের অংশগ্রহণে সাজানো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি শিল্পীরাও। শাস্ত্রীয় ওডিশি নৃত্যের কাঠামোর মধ্যেই বসন্ত ও দোলযাত্রার প্রাণশক্তিকে সৃজনশীলভাবে তুলে ধরার প্রচেষ্টা ছিল এ বছরের অন্যতম বৈশিষ্ট্য।

অনুষ্ঠানের উল্লেখযোগ্য আকর্ষণ ছিল সৌমেন কুণ্ডু ও তনিমা বর্ধনের যুগল পরিবেশনা, যা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। পাশাপাশি ‘কবিতারা এলোমেলো’ শীর্ষক বিশেষ পর্বে নৃত্য ও কবিতার অভিনব সংলাপ তৈরি হয়। এই অংশে অভিষেক রায়, সৌভিক শাসমল এবং মৌলি দাশগুপ্ত আবৃত্তি ও দেহভাষার সমন্বয়ে এক অনন্য শিল্পরূপ তুলে ধরেন।
এছাড়াও ছিল সুলগ্না অ্যাকাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় দুটি বিষয়ভিত্তিক প্রযোজনা ঋতুচক্র এবং অনন্ত প্রেম ছিল অনুষ্ঠানের কেন্দ্রীয় আকর্ষণ। 'ঋতুচক্র'-তে ঋতুচক্রের ধারাবাহিক পরিবর্তন ও প্রকৃতির গতিশীলতা ফুটে ওঠে, আর অনন্ত প্রেমে প্রকাশ পায় অসীম প্রেমের এক কাব্যিক ব্যাখ্যা। এছাড়াও উপস্থিত ছিলেন অভিরূপ সেনগুপ্ত, প্রকৃতি বসু, রাজশ্রী বিশ্বাস, পলাক্ষী বিশ্বাস এর মতো গুণী শিল্পীরাও।

শাস্ত্রীয় অনুশাসন, সাধনা এবং তরুণ শিল্পীদের সম্মিলিত উদ্যমে সাজানো এই অনুষ্ঠান বসন্ত ও হোলির চেতনাকে নৃত্য, কবিতা ও অভিব্যক্তির মাধ্যমে সফলভাবে উদযাপন করেছে। অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত সকল শিল্পানুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজক তথা নৃত্যশিল্পী সুলগ্না ভট্টাচার্য। এক ঝলকে দেখে নিন অনুষ্ঠানের আর'ও বিশেষ কিছু মুহূর্ত।
















Comments