নরম ফুলকপির সঙ্গে সাদা সসের মেলবন্ধন যে কোনও ডিনার প্লেটকে করে তোলে বিশেষ। ক্রিমি, মসৃণ এবং লোভনীয় স্বাদের ফরাসি রেসিপিটি দিলেন মৌমিতা মুখার্জি।

শীতের সন্ধ্যায় ওভেনে বেক করা এই ফরাসি ঘরানার ক্রিমি ফুলকপি তৈরি হয় বেচামেল সসের মোলায়েম স্বাদে। আলতো করে সেদ্ধ করা ফুলকপি যখন পারমেশন চিজের সাথে বেক হয়, তখন উপরে তৈরি হয় একদম সোনালি ক্রিস্পি লেয়ার যা খেতে যেমন লোভনীয়, পরিবেশনেও তেমন রাজকীয়। সাইড ডিশ হিসেবে বা হালকা ডিনারে সবক্ষেত্রেই দারুণ!
কী কী লাগবে :
ফুলকপি ১টি বড়, নুন স্বাদমতো, দুধ ২ কাপ, মাখন অথবা Shalimar's Sunflower তেল ৪ টেবিল চামচ + বেকিং ডিশে লাগানোর জন্য সামান্য, ময়দা ৩ টেবিল চামচ, পারমেশন চিজ গ্রেট করা ৩/৪ কাপ (ভাগ করে ব্যবহার), জায়ফল গ্রেট করা ১/৪ চা চামচ

কীভাবে বানাবেন :
ফুলকপি বড় টুকরো করে ৩-৪ মিনিট হালকা ভাপে সেদ্ধ করে সামান্য নুন মেশান। ওভেন ৪০০°F (প্রায় ২০০°C) তাপমাত্রায় প্রিহিট করুন। মাখন গলে গেলে ময়দা দিয়ে ২ মিনিট নেড়ে বেচামেলের বেস তৈরি করুন, এবার ধীরে ধীরে গরম দুধ মিশিয়ে ক্রিমি সস করুন। এতে ৩ টেবিল চামচ পারমেশন ও জায়ফল মিশিয়ে সসটি ফুলকপির সাথে আলতো করে মেশান। বাটার লাগানো বেকিং ডিশে ঢেলে দিন, উপরে বাকি চিজ ছড়িয়ে সামান্য মাখন দিন। ওভেনের উপরের র্যাকে ১৫-২০ মিনিট বেক করুন, উপরটা সোনালি ক্রাস্ট হলে নামিয়ে গরম পরিবেশন করুন।








Comments