একঘেয়ে কচুরি না বানিয়ে রাতের খাবারে বানাতে পারেন কড়াইশুঁটির পরোটা। রেসিপি দিলেন সিনাত্রা সেন।

পুষ্টিগুণে ভরপুর কড়াইশুঁটি দিয়ে তৈরি এই পরোটা জলখাবারের জন্য দারুণ। মসৃণ কড়াইশুঁটির পুর, ভারতীয় মশলা আর ঘি-তেলের হালকা ঘ্রাণ সব মিলিয়ে তৈরি হয় সুস্বাদু, নরম ও মচমচে পরোটা।
কী কী লাগবে :
কড়াইশুঁটি ১ বাটি, ময়দা ২ বাটি, সাদা তেল বা ঘি ৫০ গ্রাম, গোটা জিরে ১ চা চামচ, শুকনো লঙ্কা ৩-৪ টি, আদা ১/২ ইঞ্চি, হিং ১/৪ চা চামচ, কালোজিরা ১/২ চা চামচ, কাঁচালঙ্কা ৫-৬ টি, Shalimar's Chef Spices আমচুর পাউডার ১ চা চামচ, জোয়ান ১ চা চামচ, Shalimar's Chef Spices গরম মশলার গুঁড়ো ১ চা চামচ, লবণ ও চিনি স্বাদমতো।

কীভাবে বানাবেন :
কড়াইশুঁটির খোসা ছাড়িয়ে উষ্ণ জলে লবণ ও চিনি দিয়ে ভাপান। জল ঝরিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। গোটা জিরে ও শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করুন। প্যানে তেল দিয়ে কালোজিরা, হিং, আদা ও কাঁচালঙ্কা ফোড়ন দিন। এতে কড়াইশুঁটির পেস্ট, লবণ, গুঁড়ো মশলা, চিনি ও গরম মসলা দিয়ে মিশিয়ে নামিয়ে ঠান্ডা করুন। ময়দায় ৩–৪ চামচ তেল বা ঘি মেশিয়ে লবণ, আমচুর ও জোয়ান দিয়ে উষ্ণ জলে মেখে আধঘন্টা ঢেকে রাখুন। এরপর লেচি কেটে কড়াইশুঁটির পুর ভরে পরোটার মতো বেলুন। সাদা তেল বা ঘি দিয়ে ব্রাশ করে গরম গরম পরিবেশন করুন।








Comments