গ্রামবাংলার বিখ্যাত এই এক পদেই বাজিমাত হতে পারে। রেসিপি দিলেন নবনীতা ব্যানার্জী বোস।

ওপারবাংলা তথা মফঃস্বলীয় রান্নাঘরের এক পরিচিত পদের নাম এই কচু দিয়ে বানানো নানা পদ। অথচ সময়ের স্রোতে আজ প্রায় হারিয়ে যেতে বসা এক স্বাদ। কচুর নানা পদ থাকলেও মানকচুবাটা বিশেষ করে বাঙাল পরিবারে একসময় ভীষণ জনপ্রিয় ছিল। কাঁচা বাটা কিংবা হালকা ভাজা দু’ভাবেই খাওয়া যায় এই পদ। সহজ উপকরণে তৈরি, অথচ স্বাদে অনন্য এই ঐতিহ্যবাহী রান্নার দুই রকম রেসিপিই এখানে তুলে ধরা হলো।
কী কী লাগবে
মানকচু ১ কেজি, মাঝারি নারকেল ১টি (কোরানো), কাঁচালঙ্কা ১২-১৩টি (স্বাদ অনুযায়ী), কালো সরষে ১ টেবিলচামচ, সাদা সরষে ১ টেবিলচামচ, পোস্ত ২ টেবিলচামচ, Shalimar's সর্ষের তেল পরিমাণমতো, নুন স্বাদমতো।

কীভাবে বানাবেন
কাঁচা মানকচুবাটা:
মানকচু ভালো করে ধুয়ে সামান্য রোদে শুকিয়ে নিন। খোসা ছাড়িয়ে টুকরো করে মিক্সারে বেটে নিন। এর সঙ্গে নারকেল কোরা, পোস্ত, কালো ও সাদা সরষে, কাঁচা লঙ্কা ও নুন দিয়ে মিহি পেস্ট বানান। একটি বাটিতে তুলে শুধু সর্ষের তেল মিশিয়ে পরিবেশন করুন। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে।
ভাজা মানকচুবাটা:
উপরের মতো সব উপকরণ একসাথে বেটে নিন। কড়াইতে সর্ষের তেল গরম করে সরষে ফোড়ন দিন। এর মধ্যে কচুবাটা দিয়ে আঁচ কমিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। কচু থেকে তেল বেরিয়ে এলে নামিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। দু’ভাবেই মানকচুবাটার স্বাদ ভাতের সঙ্গে অতুলনীয় একেবারে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার রান্নার স্মৃতি ফিরিয়ে আনে।








Comments