গরম ধোঁয়া ওঠা ভাত আর সঙ্গে এই ছানা ভাপা থাকলে দুপুরের খাওয়াটা জমে যাবে! রেসিপি দিলেন ঐন্দ্রিলা মজুমদার।
- রোজকার অনন্যা

- Feb 7
- 1 min read

ছানা ভাপা বাঙালি রান্নার এক চিরকালীন প্রিয় নিরামিষ পদ, যেখানে সরষে ও পোস্তর ঝাঁঝালো স্বাদ ছানার কোমলতার সঙ্গে দারুণভাবে মিশে যায়। তেল মশলার ঝঞ্ঝাট ছাড়াই ভাপে রান্না হওয়া এই পদটি হালকা, স্বাস্থ্যকর এবং গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে।
কী কী লাগবে
দুধ ১ লিটার, সাদা সর্ষে ১ চা-চামচ, কালো সর্ষে ১ চা-চামচ, নারকেল কোরা ১ টেবিলচামচ, পোস্ত বাটা ১ টেবিলচামচ, কাঁচালঙ্কা ৪-৫টি, ধনেপাতা কুচি ১ টেবিলচামচ, Shalimar's সর্ষের তেল ১ টেবিলচামচ, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো ১/২ চা-চামচ, চিনি ১ চা-চামচ, নুন স্বাদমতো, লেবুর রস প্রয়োজনমতো।

কীভাবে বানাবেন
দুধ ফুটিয়ে লেবুর রস ও জল (১:১) দিয়ে ছানা কেটে নিন। ছানা জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নরম রাখুন। মিক্সারে পোস্ত, কালো ও সাদা সর্ষে শুকনো গুঁড়ো করে নিন। এর মধ্যে কাঁচা লঙ্কা, নারকেল কোরা ও সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানান। ছানা ভালো করে মেখে তাতে নুন, হলুদ, চিনি, ধনেপাতা কুচি, সরষে-পোস্তের পেস্ট, চেরা কাঁচা লঙ্কা ও সর্ষের তেল মেশান। মাখা ছানা টিফিন বক্সে ভরে ফুটন্ত জলে ১০ মিনিট ভাপিয়ে নিন। গ্যাস বন্ধ করে সামান্য ঠান্ডা হলে বাটিতে বের করুন। উপর থেকে কাঁচালঙ্কা, সর্ষের তেল ও ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সহজ অথচ চমৎকার স্বাদের ছানা ভাপা।








Comments