সজনে ফুলের পোস্ত, চচ্চড়ি, বড়া এসব অনেক তো হলো, এবার বানিয়ে ফেলুন অভিনব এই পদটি। রেসিপি দিলেন সুপর্ণা মণ্ডল।
বসন্তের শেষভাগে সজনে ফুল আর পাতা দু’টিই শরীরের জন্য ভীষণ উপকারী। হালকা তেঁতো স্বাদ, সঙ্গে গন্ধরাজ লেবুর টক আর সরষের তেলের ঝাঁঝ, এই ভর্তা গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে। কম মশলায়, পুষ্টিগুণে ভরপুর এই পদ রোজকার রান্নায় এক অন্যরকম সংযোজন।

কী কী লাগবে
সজনে ফুল ১/২ কাপ, বাদাম ২ টেবিল চামচ, জিরে ১/২ চা চামচ, ধনে ১/২ চা চামচ, সজনে পাতা ১ মুঠো, টাটকা মটরশুঁটি আধ মুঠো, গন্ধরাজ লেবুর রস ২ টেবিল চামচ, Shalimar's সরষের তেল ২ টেবিল চামচ, শুকনো লঙ্কা ১টি, নুন ও চিনি স্বাদমতো।

কীভাবে বানাবেন
প্রথমে সজনে ফুল, পাতা ও মটরশুঁটি ফুটন্ত জলে সামান্য সেদ্ধ করে বরফ জলে তুলে রাখুন। কড়াইয়ে অল্প তেল গরম করে জিরে-ধনে ফোড়ন দিয়ে বাদাম ভালো করে ভেজে হামানদিস্তায় মোটা করে ভেঙে নিন। শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখুন। এরপর সেদ্ধ করা সজনে ফুল, পাতা ও মটরশুঁটি মিক্সিতে বেটে নিন। কড়াইয়ে সামান্য তেল দিয়ে নুন-চিনি মিশিয়ে ওই বাটা সামান্য টানিয়ে নিন। শেষে বাদাম-জিরে-ধনে থেঁতো ও শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে উপর থেকে সরষের তেল ও গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।







Comments